মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের টাঙ্গারপাড়া গ্রামে জমি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফজিলা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে৷
নিহত গৃহবধু ফজিলা খাতুন সদর উপজেলার টাঙ্গাপাড়া গ্রামের তহুর উদ্দিনের স্ত্রী৷
বুধবার (৩১মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় শেরপুর সদর হাসপাতালে তিনি মারা যান৷ ২৯ মার্চ সোমবার টাঙ্গারপাড়া গ্রামে নিজ বাড়ীতে ফজিলা খাতুন হামলার শিকার হন৷
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ শতাংশ জমি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে সদর উপজেলার টাঙ্গারপাড়া গ্রামের ফজিলা খাতুনের বড় ভাই আজাদ ও নূর নবীর সঙ্গে একই গ্রামের জমি বিক্রয়ের দালাল আলিফ মিয়া ও বজলু মিয়ার বিরোধ চলে আসছিলো৷
এরই জের ধরে ২৯ মার্চ সোমবার সকালে আলিফ মিয়ার নেতৃত্বে বজলু মিয়া ও মঞ্জু মিয়াসহ আরো কয়েক ব্যক্তি টাঙ্গারপাড়া গ্রামের বাড়ীতে গিয়ে আজাদ ও নূর নবীর বোন ফজিলা খাতুনকে বাঁশ দিয়ে বেদম মারপিট করেন৷
এতে ফজিলা খাতুন গুরুতর আহত হন৷ পরে স্বজনেরা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন৷ সেখানে চিকিৎসা অবস্থায় বুধবার সকালে ফজিলা খাতুন মারা যান৷
খবর পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুত সঙ্গীয় ফোর্সসহ জেলা সদর হাসপাতালে গিয়ে ফজিলা খাতুনের মৃতদেহের সূরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়৷
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে৷ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ৷
