হেফাজতকে বলব ভালো হয়ে যান: ডা. জাফরুল্লাহ

নজর২৪, ঢাকা- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, হেফাজতকে বলবো ভালো হয়ে যান। আপনারা আওয়ামী লীগের ঘুষের পয়সায় চইলেন না। আওয়ামী লীগ আপনাকে মাথায় তুলেছে, যখন মাথা থেকে ফেলে দেবে তখন হেফাজতের ভাইয়েরা টের পাবেন।

 

বুধবার (৩১ মার্চ) বিকালে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রখ্যাত শ্রমিক নেতা আলাউদ্দিন আহমেদ স্মরণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা আলোকিত মাদ্রাসা চাই। আলোকিত মাদ্রাসা কী? সেখানে বিজ্ঞান পড়ানো হবে,বাংলা পড়ানো হবে, গণিত পড়ানো হবে, কম্পিউটার শেখানো হবে। আমি কোনওভাবেই হেফাজতের বাড়িঘর ভাঙচুর, গাড়ি ভাংচুরের সমর্থন করি না। আমি বারবার বলি সংযত হন।

 

দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি ও সমাজ পরিবর্তনের জন্য সবাইকে রাস্তায় নামতে হবে বলে মনে করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আমি একা কিছু করতে পারব না। পরিবর্তন ঘটানোর জন্য আমরা সম্মিলিতভাবে রাস্তায় নামতে পারি। আমাদের রাস্তায় নামতে হবে। নয়ত কারও জীবন সুখের হবে না। কেউ শান্তিতে থাকতে পারব না।

 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণ ধীরে ধীরে ক্ষিপ্ত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ঘটনায় আমার মনে বার বার প্রশ্ন এসেছে, সেখানে সরকারি অফিস কেন আক্রমণ হলো। থানায় আক্রমণের একটা কারণ দেখতে পারি, তারা লুট করে, রাহাজানি করে, অত্যাচার করে, ঘুষের মাত্রা বাড়ায়। কিন্তু তফসিল অফিস, ম্যাজিস্ট্রেট অফিসে হামলার কারণ কী?

 

কারণটা হলো তারা সবাই ডাকাত। ২০১৮ সালে এরা ডাকাতি করেছে। ডাকাতির ফসলটা প্রধানমন্ত্রীর ঘরে তুলে দিয়েছেন। এরা ডাকাতি করেছে, আর হাসিনা ডাকাতির ফসল ঘরে তুলেছে। তাই জনগণের ক্ষোভ। যখনই সুযোগ এসেছে তখনই মাথা তুলে দাঁড়িয়েছে।

 

বিচারপতিদের সমালোচনা করে ডা. জাফরুল্লাহ বলেন, মাননীয় বিচারপতিগণ আপনাদেরও বিচার হবে। আপনাদের সম্পদেরও হিসাব নেব। কী করে আপনারা জামিন দেন, সেই কাহিনী আমরা জানি, আমরা যে জানি না, তা না। সব জজ সাহেব খারাপ না। ভালো জজ সাহেবরাও আছেন। কিন্তু ওনাদের কোমড়ে জোর নাই। মানুষ ভালো, চুরি করে না, ঘুষ খায় না। কিন্তু এই ভালো মানুষ দিয়েই কী হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *