হেফাজত নেতাদের সম্পৃক্ততা পেলে ব্যবস্থা: আইজিপি

নজর২৪, ঢাকা: হেফাজতে ইসলামের হরতালে দেশের বিভিন্ন স্থানে রেলস্টেশন, থানাসহ সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও গাড়ি পোড়ানোর মামলায় কোথাও হেফাজত নেতাদের নাম উল্লেখ না করায় চলছে সমালোচনা।

 

তবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জানিয়েছেন, বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি। কারণ তারা অন স্পটে ছিল না। এরপরও তদন্তে সম্পৃক্ততা পেলে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

আজ বুধবার (৩১ মার্চ) রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এসব কথা বলেন পুলিশ প্রধান। হেফাজতের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্যদের দেখতে সিএমএইচে গিয়েছিলেন আইজিপি।

 

আইজিপি বলেন, নির্দেশদাতা যে ব্যক্তিই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোদির সফর নয় বরং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতেই এই হামলা করা হয়েছে। সরকারি অফিসে হামলা হয়েছে। রেলস্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে। থানায় হামলা হয়েছে, ডাক বাংলোতে আগুন দেওয়া হয়েছে, সঙ্গীতশিক্ষা প্রতিষ্ঠান পোড়ানো হয়েছে। এসব কারা করেছে সবই বের হয়ে আসবে। হেফাজত নেতাদের ওপর ভর করে দেশবিরোধী অপশক্তি এই কাজ করেছে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, মামলায় হেফাজত নেতাদের নাম দেওয়া হয়নি বিষয়টি এমন নয়। যারা হামলা করেছে তাদের নামে মামলা হয়েছে, যারা নির্দেশদাতা তাদের নামও তদন্তে বেরিয়ে আসবে।

 

আইজিপি বলেন, কোমলমতী শিশুদের ব্যবহার করে হেফাজতের কর্মীরা তাণ্ডব চালিয়েছে। হাটহাজারী থানা এবং ভূমি অফিসে আগুন দিয়ে অনেক রেকর্ড পুড়িয়ে ফেলেছে। এ জন্য ওই এলাকার মানুষ বছরের পর বছর সমস্যায় ভুগবে।

 

পুলিশ মহাপরিদর্শক বলেন, হত্যার উদ্দেশ্যে একজন শিক্ষানবিশ এএসপিকে মারধর করা হয়েছে। তিনি চট্টগ্রাম সিএমএইচ-এর আইসিইউতে চিকিৎসাধীন আছেন। একই দিন একজন কনস্টেবলকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। তিনি ঢাকা সিএমএইচএ চিকিৎসাধীন। এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ায় একজন এসআইকে পেটানো হয়। তিনিও ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *