Home দেশের খবর খুলনা হেফাজতকে প্রতিহত করতে ছাত্রলীগের সব নেতাকর্মীকে নির্দেশ লেখক ভট্টাচার্য্যের

হেফাজতকে প্রতিহত করতে ছাত্রলীগের সব নেতাকর্মীকে নির্দেশ লেখক ভট্টাচার্য্যের

0
91

নজর২৪ ডেস্ক- পাকিস্তানি মদদপুষ্টদের সরাসরি অর্থায়নে হেফাজতে ইসলাম তাণ্ডব কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

 

তিনি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে তারা এই তাণ্ডব চালিয়েছে। তারা দেশের যেখানেই অরাজকতা চালাবে সেখানেই ছাত্রলীগ প্রতিহত করবে। জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীদের সেই নির্দেশনা দেয়া হয়েছে।

 

সোমবার দুপুরে নিজ জেলা যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

লেখক ভট্টাচার্য্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম; সেই স্বাধীনতার আমরা ৫০ বছর উদযাপন করছি। কিন্তু সেই সময় আমরা দেখতে পাচ্ছি ৭১’র স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশকে খারাপভাবে বহির্বিশ্বের কাছে উপস্থাপনের চেষ্টা করছে।

 

তারা ৭৫’এ জাতির জনককে হত্যা করে বিশ্বের বুকে আমাদেরকে বিশ্বাসঘাতকের লেবাস লাগিয়ে দিয়েছিল। ঠিক সেইভাবে আজকে যখন সারাবিশ্ব থেকে সরকার প্রধানরা বাংলাদেশে আসছে, ১০ দিনব্যাপী সুবর্ণজয়ন্তীর উৎসবকে ভণ্ডুল করতে ও বিশ্বের দরবারে বাংলাদেশকে হেয়-প্রতিপন্ন করতে হেফাজতিরা উঠেপড়ে লেগেছে।

 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি অগোছালো অবস্থায় ছাত্রলীগের দায়িত্ব নিয়েছিলাম। এরপর করোনার কারণে সবকিছু থমকে যায়। কিন্তু ছাত্রলীগ বসে থাকেনি, মানবিক ও সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে সাধারণ জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। যশোরে দুই বছর ধরে কমিটি নেই। তারপরও কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এটা স্পষ্ট ছাত্রলীগ নেতা হওয়ার জন্য নয়, সাধারণ মানুষ ও ছাত্রদের সেবার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

 

শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, সহসভাপতি আব্দুল মজিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।

 

এর আগে শত শত ছাত্রলীগ নেতাকর্মী ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ লেখক ভট্টাচার্য্যকে অভ্যর্থনা জানাতে শহরের দড়াটানা বকুলতলাস্থ বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালের সামনে অবস্থান নেন। এ সময় তারা ছাত্রলীগ সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here