মোদির সফর নিয়ে স্ট্যাটাস, ইসলামিক ফাউন্ডেশনের ট্রেইনার কারাগারে

নজর২৪ ডেস্ক- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে শরীয়তপুরে মুস্তাকিম বিল্লাহ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার মুস্তাকিম বিল্লাহ মাদারীপুর সদর পৌরসভার ২নং শকুনি নতুন শহর এলাকার খন্দকার আবদুল লতিফের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার পদে কর্মরত ছিলেন।

 

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ওই ব্যক্তিকে আজ সোমবার (২৯ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে রোববার (২৮ মার্চ) বিকেলে শরীয়তপুর শহরের চন্দ্রা রেস্ট হাউজের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে পালং মডেল থানা-পুলিশ।

 

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ফেসবুকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করা, বিশৃঙ্খলা সৃষ্টি, আইনশৃঙ্খলা অবনতি ঘটানো, আ-ক্র-মণাত্মক মিথ্যা ভীতি প্রদর্শক ও মানহানির তথ্য উপাত্ত প্রকাশ করে হুমকিমূলক পোস্ট করার অভিযোগে রবিবার মুস্তাকিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পালং মডেল থানায় মামলা হয়।

 

পরে অভিযান চালিয়ে মামলার আসামি মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই ঘটনার পর মোস্তাকিম বিল্লাহকে মাস্টার ট্রেইনার পদে থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *