সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পৌর শহরে ৭০পিস ইয়াবা ট্যাবলেট ও ৩১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ সোহেল রানা (২৫) ও দ্বীপক কুমার (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাউন ফাঁড়ির পুলিশ।
রোববার দুপুরে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত সোহেল রানা নওগাঁর মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের হাবিবুল রহমানের ছেলে ও দ্বীপক কুমার নওগাঁ সদরের চক দেবপাড়ার মৃত রাধা কৃষ্ণের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই আব্দুল ওয়াদুদ জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় মাদক ব্যবসায়ী সোহেলের দেহ তল্লাশী করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে শনিবার রাতে পৌর শহরের বাইপাস তিনমাথা মোড়ে মাদক বিক্রেতা দ্বীপক কুমার ফেন্সিডিল বিক্রয় করছিল। খবর পেয়ে পুলিশ ৩১ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ দ্বীপক কুমারকে গ্রেফতার করে
