Home আলোচিত সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে, দাবি বাবুনগরীর

সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে, দাবি বাবুনগরীর

0
107

নজর২৪, চট্রগ্রাম- সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে, এতে দেশের জনগণ সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। রোববার (২৮ মার্চ) বিকালে হাটহাজারীতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

হরতাল কর্মসূচি সফল করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে জুনায়েদ বাবুনগরী বলেন, অনেক দিন পর দেশে হরতাল কর্মসূচি পালিত হয়েছে। দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হেফাজতে ইসলামের এই কর্মসূচি সফল হয়েছে। যারা মাঠে থেকে হরতাল কর্মসূচি সফল করেছে, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।

 

হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলনে তিনি ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়ার এই দাবি জানান। এছাড়া নিহত হেফাজত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। দাবি পূরণ না করলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুমকি দেন বাবুনগরী।

 

জুনায়েদ বাবুনগরী বলেন, শুক্রবার জুমার নামাজের পর হেফাজত নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এ সময় কোনও উসকানি ছাড়াই পুলিশ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া হেফাজত নেতাকর্মীদের ওপর গুলি ছোড়ে। হেফাজত নেতাকর্মীদের ওপর এই পুলিশি হামলায় হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন। এ ঘটনায় আমরা তাকে প্রত্যাহারের দাবি করছি। তাকে প্রত্যাহার করে নিতে হবে।

 

তিনি আরও বলেন, হাটহাজারীতে চার জনসহ এ পর্যন্ত সারা দেশে ১৬ জন হেফাজত নেতাকর্মী মারা গেছেন। এসব ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

 

গত দুদিনে যাদের গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সারা দেশের হেফাজত নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে এসব কর্মসূচি দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here