হরতাল বাড়ানোর খবর সত্য নয়: হেফাজত

নজর২৪, ঢাকা- ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের হরতাল বাড়ানোর যে খবর ছড়িয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা মো. ফয়সাল।

 

রোববার (২৮ মার্চ) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানিয়ে তিনি বলেন, হরতাল বাড়ানোর খবরটি ‘গুজব’ এবং ‘সম্পূর্ণ ভুয়া’।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে হেফাজতকর্মীদের গত শুক্রবারের (২৬ মার্চ) বিক্ষোভে পুলিশ ও সরকারদলীয় লোকজনের হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজত।

 

কিন্তু এ হরতালের সময় শেষ হতে না হতেই দুপুরে খবর ছড়িয়ে পড়ে, হেফাজতের হরতাল আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে।

 

খবরটিকে সত্য নয় উল্লেখ করে মাওলানা মো. ফয়সাল বলেন, ‘রোববার হেফাজতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। আগামীকাল যেহেতু পবিত্র শবে বরাত, সেহেতু আপাতত হরতালের সময়সীমা বাড়ানো হয়নি। এমনকি বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই আমাদের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *