এক বছরের বেশি সময় পর আজ হরতাল

নজর২৪ ডেস্ক- দীর্ঘ এক বছরের বেশি সময় পর আবার হরতাল। সর্বশেষ হরতাল হয়েছিল রাজধানী ঢাকায় সিটি নির্বাচনে অনিয়মের প্রতিবাদে গত বছরের ২রা ফেব্রুয়ারি। এর এক বছরের বেশি সময় পর আজ হেফাজতে ইসলামের ডাকে সারা দেশে হরতাল পালিত হচ্ছে।

এ হরতালে নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সারা দেশে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, যাত্রাবাড়ী ও বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের নেতাকর্মী নিহত ও নির্যাতনের প্রতিবাদে আজকের ডাকা হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম।

নিহত নেতাকর্মীদের পরিবারকে ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে দলটির নেতারা। গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর-পূর্ব গেটে কেন্দ্রীয় ঘোষিত ঢাকা মহানগর হেফাজতে ইসলামের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।

শান্তিপূর্ণ হরতালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সরকারকেই এর দায়-দায়িত্ব নিতে হবে বলে তারা জানিয়েছেন।

হেফাজতের হরতালে গতকাল বায়তুল মোকাররমের পৃথক সমাবেশে সমর্থন জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। হরতাল উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে হরতালের সমর্থনে শনিবার দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ করেছে হেফাজত কর্মীরা। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত পাঁচ জন হেফাজতকর্মী নিহত হন। বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহর এবং সদর উপজেলার নন্দনপুর এলাকায় পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *