মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে টাঙ্গাইল জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলাম (৩৪) খুন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৭মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত টাঙ্গাইল জেলা কালচারাল অফিসার এবং তার বাবার বাড়ি রংপুর জেলার চিলমারী উপজেলায়।
নিহতের স্বামী দেলোয়ার হোসেন মিজান ভোলা জেলার সোস্যাল ইসলামী ব্যাংকে চাকুরী করেন। বর্তমানে সে পলাতক রয়েছে বলে জানা গেছে।
নিহতের মামী ও হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার (২২মার্চ) গর্ভবতী অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি হয় রেদওয়ানা। ওই দিনই সিজার করে তার মেয়ে সন্তান জন্ম হয়। কয়েকদিন চিকিৎসা চলার পর। নিহতের মামী শনিবার (২৭মার্চ) দুপুরে রেদওয়ানা ও তার স্বামীকে রুমে রেখে হাসপাতালের অন্যত্র বেডে ওই নবজাতককে দুধ খাওয়াতে যায়।
ফিরে এসে তিনি রুমের দরজা ভিতর থেকে আটকা দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে হাসপাতালের সহকারি জেনারেল ম্যানেজার অনিমেশ কুমার ভৌমিক ঘটনাস্থলে আসার পর রুমের অপর একটি চাবি দিয়ে দরজা খুলে রেদওয়ানাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে ঘটনাটি তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ও পুলিশকে জানায় অনিমেষ।
এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপংকর ঘোষ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়ে থাকতে পারে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
