হেফাজতের হরতালে ইসলামী আন্দোলনের সমর্থন

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতালে সমর্থন জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

শনিবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ থেকে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম এ ঘোষণা দেন। এ সময় আগামী ১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশেরও কর্মসূচি ঘোষণা করেন তিনি।

 

মুফতি ফয়জুল করীম বলেন, স্বাধীনতা দিবসে বিক্ষোভ দমনে সহিংসতা ও গুলি করে মানুষ হত্যা স্বাধীনতার মর্মকে আহত করেছে। সভা-সমাবেশ, প্রতিবাদ করা নাগরিক ও সাংবিধানিক অধিকার।

 

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে দলটির প্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

 

এসময় মিছিল থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘জনতা মুক্তি পাক পুলিশি রাষ্ট্র নিপাত যাক’, ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’, ‘আগামীকালের হরতাল সফল হোক সফল হোক’ স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

 

এদিকে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নেয় পুলিশ সদস্যরা। তবে মিছিলে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে ২৬ মার্চ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। এর মধ্যে চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত হন।

 

এ ঘটনায় শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ এবং রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *