রাজধানীতে র‌্যাব-পুলিশের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া

নজর২৪ ডেস্ক- রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় মাদ্রাসা ছাত্ররা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের নিচে কুতুবখালী এলাকায় লাঠিসোটা হাতে অবস্থান নিয়েছেন মাদ্রাসার ছাত্ররা। কয়েকটি জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তারা।

 

শুক্রবার বিকাল থেকেই ওই এলাকার সড়ক অবরোধ করেন শতাধিক মাদ্রাসা ছাত্র। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশ ও র‌্যাবের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৮-১০ জন সদস্য আহত হয়েছেন।

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশে রাত ৮টার দিকেও মাদ্রাসাছাত্রদের অবস্থান নিতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্ধশত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

 

ওয়ারী বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমেদ জানান, র‌্যাব-পুলিশের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৮-১০ জন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

 

শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ যাত্রাবাড়ীর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন জনসাধারণ।

 

এর আগে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম কাজল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে সন্ধ্যায় যাত্রাবাড়ীর কুতুবখালী মাদ্রাসার সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন।

 

এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ করার আধা ঘণ্টা পরেই তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আমরা সতর্ক রয়েছি।

 

এদিকে মোদির সফরকে কেন্দ্র করে শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন মুসল্লিরা। সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তারা চিকিৎসা নেন। তাদের মধ্যে আটজন বিভিন্ন গণমাধ্যমের কর্মী রয়েছেন।

 

এছাড়া চট্টগ্রামের হাটহাজারীতে মোদির সফরের প্রতিবাদে আয়োজিত মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন। শুক্রবার (২৬ মার্চ) বেলা আড়াইটার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- রবিউল ইসলাম (২৩), মেরাজুল ইসলাম (২২) মিরাজুল ইসলাম, জামিল (২০) ও মিজান (৪০)। চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন মাদরাসাছাত্র এবং একজন স্থানীয় দর্জির দোকানে কাজ করতেন। আহত চারজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *