Home আলোচিত যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে মাদরাসা শিক্ষার্থীদের নামাজ আদায়

যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে মাদরাসা শিক্ষার্থীদের নামাজ আদায়

0
78

নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার অবরোধ করে নামাজ আদায় করেছেন জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদাসার শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি হাজার হাজার সাধারণ জনতা নামাজে অংশ নেন।

 

শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় ছাত্ররা ফ্লাইওভার অবরোধ করে আগুন জ্বালায় এবং মাগরিবের নামাজ পড়ে।

 

এর আগে মোদির সফরকে কেন্দ্র করে শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে মুসল্লীরা। এ সংঘর্ষে হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ অনেক মাদরাসাছাত্র ও শিক্ষক আহত হন।

 

অপর দিকে জুমার পরে চট্টগ্রামের হাটহাজীতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মাদরাসাছাত্রদের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা ইউএনবি খবর দিয়েছে। একই কারণে ব্রাহ্মণবাড়িয়ায়ও ব্যাপক বিক্ষোভ এবং ট্রেন ও সড়ক অবরোধ করা হয়েছে।

 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেয়ার পর গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তারা এলাকায় নিরাপত্তা বাড়িয়েছেন।

 

ছাত্ররা কী চাইছেন- এমন প্রশ্নে একই থানার একজন উপপরিদর্শক নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, ‘তারা মোদির (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) ঢাকায় আসার বিরোধিতা করছে। পাশাপাশি বায়তুল মোকাররমে সংঘর্ষ ও চট্টগ্রামের হাটহাজারীকে প্রাণহানির ঘটনায় নানা স্লোগান দিচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here