স্বাধীনতার বিপক্ষে শব্দ করলেই পেটানো হবে: সনজিত চন্দ্র

নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনবিরোধী আন্দোলনকারী ছাত্র সংগঠনগুলোকে হুশিয়ারি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

 

তিনি বলেন, আপনারা (ছাত্র অধিকার ও প্রগতিশীল ছাত্রজোট) আসলে নরেন্দ্র মোদির সমালোচনা করছেন না, আপনারা ভারতের সমালোচনা করছেন না, আপনারা আসলে মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের সহায়তা করেছে; পাকিস্তানের পক্ষ নিয়ে আপনারা তাদের সহায়তা করছেন। কাউকে ছাড় দেয়া হবে না, স্বাধীনতার বিপক্ষে শব্দ করলেই পেটানো হবে।

 

বুধবার (২৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজিত ‘অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 

ছাত্র অধিকার ও প্রগতিশীল ছাত্রজোটকে উদ্দেশ্যে করে সনজিত বলেন, আপনারা কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন সেটি রীতিমতো গবেষণার দাবি রাখে। আপনারা স্বাধীনতার অর্থ বুঝেননা, আপনারা বাংলাদেশের অর্থ বুঝেন না, আপনারা বাংলাদেশের সঙ্গে একটি দেশের যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সুসম্পর্ক রয়েছে সেটি বুঝেননা। আপনারা হিংসাতে বিশ্বাসী, আপনারা জঙ্গিবাদে বিশ্বাস করেন, আপনারা ধর্মের নামে উগ্রবাদে বিশ্বাস করেন।

 

ঢাবি ছাত্রলীগ সভাপতি বলেন, আইএস মোসাদ এবং বৈদেশিক কূটনীতিবিদদের টাকায় দেশের কয়েকটি তথাকথিত সংগঠন ষড়যন্ত্রের লেলিহান শিখা ছড়াতে চায়। যাদেরকে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন ছাত্রসংগঠন হিসেবে স্বীকার করে না। সেই তথাকথিত জঙ্গি সংগঠনগুলো কালো পতাকা মিছিল করে। আসলে এই কালো পতাকা তাদের মনের ভেতরে যে স্বাধীনতার অপশক্তি রয়েছে সেটিরই পরিচায়ক।

 

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে রাজু ভাস্কর্যে মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভাস্কর্যের পাদদেশে আগে থেকেই ছাত্রলীগ অবস্থান নেওয়ায় সমাবেশস্থল পরিবর্তন করে ছাত্র অধিকার পরিষদ।

 

পরে তাদের মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়ক দ্বীপ, রাজু ভাস্কর্য এবং শামসুন নাহার হল প্রদক্ষিণ করে টিএসসির ডাসের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে তারা মোদিবিরোধী এবং হামলার বিচার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এতে পরিষদের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

 

সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মশিউর রহমান, মাহফুজুর রহমান খান, সোহরাব হোসেন, ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ অন্য নেতারা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *