সিলেটে মোদিবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৭

নজর২৪, সিলেট- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সিলেটে বের করা বাম গণতান্ত্রিক জোটের মিছিল থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (২৪ মার্চ) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে তাদের আটক করা হয়। ওই সময় পুলিশ নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ মিনারের সামনে মানববন্ধন ও কালো পতাকা মিছিল কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে মোদিবিরোধী স্লোগান দিয়ে কলো পতাকা মিছিল বের করতে চাইলে কোতোয়ালি থানা পুলিশ বাধা দেয়।

 

ওই সময় গণতান্ত্রিক জোটের কর্মীরা পুলিশের দিকে মারমুখো হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ও ৭ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন- বাসদ সিলেটের সমন্বয়ক উজ্জ্বল রায়, জোট নেতা ফাহিম, মনিষা ওয়াহিদ, সাদিয়া নাওশিন তাসনিম, সঞ্জয়, ফাহিম ও রানা।

 

এ ব্যাপারে বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। প্রথমে পুলিশ এসে আমাদের ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে আমরা দ্রুত সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল নিয়ে জিন্দাবাজারের দিকে রওনা হওয়ার প্রাক্কালে বিনা উসকানিতে পুলিশ হামলা চালায়। পুলিশি হামলায় আমাদের ১০ জন নেতাকর্মী আহত হন।’

 

তিনি বলেন, ‘অবিলম্বে আমাদের নেতাকর্মীদের মুক্তি দেয়া না হলে আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ কর্মসূচি পালন করা হবে। ওই সমাবেশ থেকে তাদের মুক্তির দাবিতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।’

 

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের অভিযোগ, শুরুতে পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা করে। সমাবেশের শেষ দিকে বিনা উসকানিতে নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এসময় পুলিশ সদস্যরা নারী কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। একই সঙ্গে অবিলম্বে আটকদের মুক্তি ও হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান জোটের নেতারা।

 

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, সিলেটে বামের কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে সমাবেশ সম্পন্ন করতে বলা হয়। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে পুলিশ শৃঙ্খলা ফেরাতে কয়েকজনকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *