শেরপুরে ভারতীয় রুপিসহ যুবক গ্রেফতার

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় রুপিসহ মোহাম্মদ আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি।

 

সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার ১০৯৮/৩ (এস) এর ২০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে পূর্ব খাড়ামোড়া নামক স্থান থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক সীমান্তবর্তী রাঙ্গাজান গ্রামের মফিজল হকের ছেলে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহলদল ১০৯৮/৩ এস পিলার কাছে ওৎপেতে বসে থাকে।

 

এসময় মোহাম্মদ আলীসহ আরো একজন ভারতীয় সীমান্তের দিকে যেতে থাকলে বিজিবি’র টহলদল মোহাম্মদ আলীকে আটক করেন। এসময় তার সঙ্গী খাড়ামোড়া গ্রামের দুলুপ উদ্দিনের ছেলে তৈয়ব আলী (৫০) কৌশলে পালিয়ে যায়।

 

পরে মোহাম্মদ আলীর দেহ তল্লাশী করে তার কোমরে গামছার ভিতরে ভারতীয় ৪০ হাজার রুপি পাওয়া যায়। সোমবার রাতেই বিজিবি তাওয়াকুচা ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে ২ জনকে আসামী করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করে।

 

এব্যাপারে শ্রীবরদী থানার ওসি (তদন্ত) ইনকান্দার হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *