নজর২৪ ডেস্ক- পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নির্ধারিত সূচি অনুযায়ী হবে। কারও প্রতিবাদ, আন্দোলনে সরকার চিন্তিত নয়। মোদির সফরের বিরোধিতা নিয়ে আমাদের দুশ্চিন্তা নেই। আমরা তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেব।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ঢাকা সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন।
নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী আসছেন- এটা আমাদের জন্য আনন্দের। কেউ কেউ বিরোধিতা করছেন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। এখানে নানা মতের লোক রয়েছেন। এ নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, মোদির সফর নিয়ে মৌলবাদীদের বিরোধিতা নিয়ে আমরা চিন্তা করছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন, কীভাবে মৌলবাদীদের নিয়ন্ত্রণে রাখতে হয়।
নরেন্দ্র মোদি ঢাকার বাইরে দুটি মন্দিরে যাবেন যা অনেকে রাজনৈতিক পদক্ষেপ বলে মনে করছেন এবং এর ফলে আমাদের কোনও সমস্যা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না এটি কোনও সমস্যা হবে না। আমরা খুব আনন্দিত যে একজন সরকার প্রধান ঢাকার বাইরে সফর করবেন। যেখানে উনি যাচ্ছেন সেখানে পর্যটন বাড়বে এবং সেখানে আমরা একটি নতুন রাস্তা খুলে দিচ্ছি, স্বাধীনতা সড়ক এবং এটি আমাদের জন্য ভালো হবে। মোদির রাজনীতি আমাদের জন্য উদ্বেগের নয়। তিনি আমাদের মেহমান এবং তিনি নিজেই সেখানে যেতে চেয়েছেন।’
দেশের কোভিড পরিস্থিতির কারণে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে কোনও পরিবর্তনের আশঙ্কা নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
