নজর২৪, ঢাকা- বিএনপির ভাইস চেয়ারম্যান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচ এ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
শনিবার দুপুরে সাবেক এই সেনা কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি জানান আজ বাদ আসর বনানী সেনা কবরস্থানে তাকে দাফন করা হবে।
রুহুল আলম চৌধুরী ১০মার্চ জ্বর ও সর্দি নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। ১৩ মার্চ সন্ধ্যায় তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল।
রুহুল আলম চৌধুরী ১৯৪৭ সালের ২৪ আগস্ট কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা গ্রামের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
রুহুল আলম ১৯৬৬ সালে পাকিস্তান সামরিক একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে আর্মাড কোরে যোগদান করেন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মাড কোরের অন্যতম প্রতিষ্ঠাতা ও এ কোরের প্রথম পরিচালক। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
২০০৬ সালে ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পান এবং কয়েকটি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে ১১ জানুয়ারি ২০০৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জাতীয় কার্যনির্বাহী কমিটিতে তিনি দলের ভাইস-চেয়ারম্যান হন।
