সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের বাসষ্ট্যান্ড এলাকার সাউদিয়া হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যাক্তির লাশ চোখের পলকেই উধাও হওয়ার ঘটনা ঘটেছে। ১৪ মার্চ রোববার বিকেল ৪ টার দিকে এই ঘটনাটি ঘটে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মুহুর্তের মধ্যে ঘটনাস্থলে গিয়েও লাশের কোন খবর পায়নি। লাশ উধাও হওয়ার ঘটনায় বাসষ্ট্যান্ড এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। তবে এ লাশ গেল কোথায়!
প্রত্যক্ষদর্শিরা জানান, অজ্ঞাত এক ব্যাক্তি রিক্সায় করে পৌর শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডের সাউদিয়া হোটেলের সামনে দিয়ে দক্ষিন দিকে যাচ্ছিল। হঠাৎই রিক্সা থেকে পড়ে যায় ওই ব্যাক্তি। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রিবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে কে বা কারা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে লাশটি নিয়ে উধাও হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. নাফিসা জানান, সড়ক দুর্ঘটনার কোন রোগী বা লাশ হাসপাতালে আসেনি।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম(আইসি) জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখি এখানে কোন মরদেহ নেই।





