সাইফুল ইসলাম মুকুল,রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ৭৫৮ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্যবিরোধী সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।
আগামী ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় উপাচার্যবিরোধী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের বৃহৎ সংগঠনটি শ্বেতপত্র প্রকাশ করবে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সংগঠনের আহবায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, নাজমুল আহসান কলিমউল্লাহ এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদানের পর থেকে প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতি করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের সমন্বয়ে গঠিত সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ উপাচার্যের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ৭৫৮ পৃষ্ঠার একটি শ্বেতপত্র আগামী ১৩ মার্চ প্রকাশ করা হবে।
উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ ইউজিসির নির্দেশনা অমান্য করে জনবল নিয়োগ, শিক্ষক ও জনবল নিয়োগে দুর্নীতি ও অনিয়ম, প্রধানমন্ত্রীর বিশেষ উন্নয়ন প্রকল্পের কাজে দুর্নীতি, নিয়োগ বোর্ডের সভাপতি ভিসি হয়েও অনুপস্থিতি থাকা।
ইচ্ছেমত পদোন্নতি, আইন লঙ্ঘন করে একাডেমিক প্রশাসনিক পদ দখল ও ক্রয় প্রক্রিয়ায় নীতিমালা লঙ্ঘন, উপাচার্যের অননুমোদিত ও অনিয়মতান্ত্রিক ফাউন্ডেশন ট্রেনিং, ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে অতিরিক্ত খরচ, অবকাঠামোগত সীমাবদ্ধতা, চরম শিক্ষক সংকটসহ নানান অনিয়ম- স্বেচ্ছাচারিতার সাথে যুক্ত রয়েছেন। আমরা সংবাদ সম্মেলনে দেশবাসীকে তার সকল অনিয়ম দুর্নীতি জানাতে চাই।
