শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ৪৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উত্তর বরইতলী এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফের উত্তর লম্বরী এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে শামসুল আলম (৩০) ও ফজল আহমদের ছেলে জামাল হোসেন (৩৬)।
র্যাব-১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া), সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, র্যাব গোপন সূত্রে জানতে পারে উত্তর বরইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের গেইট সংলগ্ন টেকনাফ-কক্সবাজার সড়কে কতিপয় মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই জনকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা প্লাস্টিকের বস্তা ও শপিং ব্যাগ তল্লাশী করে ৪৯ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
