নজর২৪, ঢাকা- রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় ছাত্রদলের ১৩ নেতাকর্মীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১ মার্চ) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর (এসিএমএম) আসাদুজ্জামান নূর তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেয়া আসামিরা হলেন- মঞ্জুরুল আলম, আতাউর রহমান, মাসুদ রানা, শফিকুল ইসলাম, শাহিরাজ, আহসান হাবিব ভূঁইয়া রাজু, কবির হোসেন, মনোয়ার ইসলাম, আরিফুল হক, আনিচুর রহমান, খন্দকার অনিক, আবু হায়াত মো. জুলফিকার, আতিফ মোর্শেদ ও রমজান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারিত রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ ডেকে ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায় ও ইটপাটকেল ছোড়ে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এই হামলার ঘটনায় রাতে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।
