আ.লীগকে হারিয়ে লক্ষ্মীপুর বারের সভাপতি জামায়াতের শাহাদাত

নজর২৪, লক্ষীপুর- লক্ষ্মীপুর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগকে হারিয়ে ফের সভাপতি পদে জামায়াতের শাহাদাত হোসেন নির্বাচিত হলেন। তবে সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের মোসাদ্দেক হোসেন সবুজ নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতি কার্যালয়ের দ্বিতীয় তলায় (২০২১-২০২২) গোপন ভোটের আয়োজন করা হয়। ভোট গণনা শেষে রাত ১০টার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২৯৩ জন ভোটারের মধ্যে ২৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, সভাপতি পদে আওয়ামী লীগের আবদুর নূর ও সাধারণ সম্পাদক পদে হাসান আল মাহমুদ বিজয়ীদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।

 

নির্বাচিত অন্যান্যরা হলেন- সহসভাপতি আবুল খায়ের, অলি উল্যা চৌধুরী, সহ-সম্পাদক মাহাবুবুল করিম টিপু, শাহাদাৎ হোসেন বাবলু, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম মহসিন, সাংস্কৃতিক সম্পাদক অনিম জোবায়ের, সদস্য কামরুল ইসলাম মানিক, ফজলে এলাহি, আবদুর রহিম রাজু, আফরোজা ববি, শামসুল ইসলাম।

 

জানা গেছে, এবার লক্ষ্মীপুর আইনজীবী সমিতিতে সভাপতি-সম্পাদকসহ ১২ পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী ছিলেন। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে অনিম জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আজগর হোসেন মাহমুদ। সহকারী হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট কৃষ্ণ দুলাল দাস ও বেলাল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *