নজর২৪ ডেস্ক- ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়রপ্রার্থী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, ‘গত ১৩ বছর ধরে দেশে গণতন্ত্র নেই। একদলীয় সরকার প্রবর্তন করা হয়েছে। মাফিয়ারা এখন দেশ নিয়ন্ত্রণ করছে। দেশের বিভিন্ন পাড়া-মহল্লায় যারা স-ন্ত্রা- সী ছিল, তারা নাকি এখন দেশের পলিসি নিয়ন্ত্রণ করে।’
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দেশে একদলীয় সরকার প্রবর্তন করা হয়েছে দাবি করে খোকাপুত্র ইশরাক বলেন, স্বাধীনতার ৫০ বছর পর এসেও আজকে বাংলাদেশে স্বাধীনতার স্বও নেই। মূল যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সেখানে ক্ষমতার মালিক হবে জনগণ, সেটিই আজ নেই। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে না।
জনগণকে আহ্বান জানিয়ে বিএনপির এই তরুণ রাজনীতিবিদ বলেন, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু রক্ষা করা কঠিন। সেই রক্ষা করার পথ আপনাদের খুঁজে বের করতে হবে।আপনাদের চেতনাকে জাগ্রত করুন। স্বাধীনতাকে কীভাবে রক্ষা করতে হয়, সেটি দেখিয়ে দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
