নজর২৪, ঢাকা- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে একুশের চেতনায় গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেছে বিএনপি।
আজ রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পর দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এই অঙ্গীকার ব্যক্ত করেন।
আমান উল্লাহ আমান বলেন, ‘আজকে আমাদের গণতন্ত্র ভুলুণ্ঠিত। মুক্তিযুদ্ধের চেতনা, একুশের চেতনা সব কিছুই আজকে ভুলণ্ঠিত। আজকের দিনে আমাদের দৃপ্ত শপথ এই অনির্বাচিত, অবৈধ, স্বৈরশাসনের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা।’
বর্তমান সরকারের কোনো বৈধ্যতা নেই দাবি করে অবিলম্বে তাদের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান আমান।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমানে মাফিয়া ও স্বৈরতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। আমরা এর বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করছি।’
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সরকার কারাবন্দী করে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্রের মুক্ত ধারা বইয়ে দিয়েছে। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই সহধর্মিণী, বেগম খালেদা জিয়া ৯ বছর সামরিক শাসনের বিরুদ্ধে আপোষহীন লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এই গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে।’
