জোট সরকারের আমলে রেলপথকে ধ্বংস করা হয়েছে: রেলমন্ত্রী

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি- রেলপথকে অবজ্ঞা করা হয়েছিল এক সময়। দেশ স্বাধীনের পরে আমাদের রেলপথ ছিল তিন হাজার কিলোমিটার। সড়কপথ ছিল সাড়ে তিন হাজার কিলোমিটার। সেই সড়কপথ হয়েছে চল্লিশ হাজার কিলোমিটার আর রেলপথ আরো দুইশত কিলোমিটার কমে হয়েছে ২ হাজার আটশ কিলোমিটার।

 

শনিবার বেলা ১২ টায় পঞ্চগড়ের দেবীগঞ্জে বেলুন ও পায়রা উড়িয়ে নব নির্মিত ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উদ্বোধন শেষে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এই কথা বলেন।

 

মন্ত্রী তার বক্তব্যে বলেন, জনবলের অভাবে একশত সাতটি স্টেশন বন্ধ হয়ে গেছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রেলের ১২ হাজার কর্মকর্তা কর্মচারীকে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে বের করে দেয়া হয়েছে। সেই রেলপথ বিস্তৃতির পাশাপাশি রেল ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

 

রেলমন্ত্রী বলেন, সামরিকজান্তা ক্ষমতায় এসে শুধু ক্ষমতায় টিকে থাকার কথা ভেবেছেন, দেশের উন্নয়নের কথা ভাবেননি। আজ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ বছর পর দেশ কোথায় যাবে সে জন্য ডেল্টা প্লান করেছেন। ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত দেশ হবে সেই লক্ষ্যে দেশকে এগিয়ে নেয়া হচ্ছে।

 

মন্ত্রী বলেন, দেবীগঞ্জে ৫০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ হবে। প্রথম ধাপেই এটা নির্মাণ হবে। এখানে আমাদের ছেলে মেয়েরা ট্রেনিং নিলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।

 

তিনি বলেন, গ্রামকে শহরের আদলে গড়ে তুলতে গ্রামে এখন ১০ ফুটের পরিবর্তে ১৮ ফুট প্রস্থে রাস্তা তৈরি করা হবে। শহরের সাথে গ্রামও যেন একই অবয়ব পেয়ে যায় একসাথে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। ঘরহীন মানুষদের ঘর দিয়েছি।

 

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পঞ্চগড়ের উপ সহকারি পরিচালক মোঃ সহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পঞ্চগড়ের গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মির্জা শাখাওয়াৎ হোসেন।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সা. সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ পরিচালক ওহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *