জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন

বিনোদন ডেস্ক- বরেণ্য চলচ্চিত্র অভিনেতা এ টি এম শামসুজ্জামান আর নেই। তিনি আজ শনিবার সকাল ৯টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরে তাঁর নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ। তিনি বলেন, ‘আব্বা আর নেই। গতকাল বিকেলে হাসপাতাল থে‌কে আব্বাকে বাসায় নিয়ে আসছিলাম। উনি হাসপাতালে থাকতে চাইছিলেন না। আমি রাত ২টা ৩০ মিনিটে আব্বার বাসায় আসছি।’ বাবার আত্মার শান্তির জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

এ টি এম শামসুজ্জামান স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

 

বেশ কয়েক বছর ধরে নানান শারীরিক সমস্যায় ছিলেন এ টি এম শামসুজ্জামান। ২০১৯ সালের ২৬ এপ্রিল রাতেও বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিন তাঁর খুব শ্বাসকষ্ট হচ্ছিল। সে রাতে তাঁকে রাজধানীর গেন্ডারিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ টি এম শামসুজ্জামানের অন্ত্রে প্যাঁচ লেগেছিল। সেখান থেকে আন্ত্রিক প্রতিবন্ধকতা। এতে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়। এরপর কিছু শারীরিক জটিলতা হয়।

 

২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ আবারও এ টি এম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করানো হয়। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের তৃতীয় তলায় তাঁর চিকিৎসাসেবা চলে। দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর আগে চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয় এ অভিনেতাকে।

 

এক বছর ধরে শারীরিকভাবে ভালোই ছিলেন। কোনো সমস্যা দেখা দেয়নি। বাসায় চিকিৎসা চলছিল। হঠাৎ গত বুধবার বিকেলে তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এবার শ্বাসকষ্ট দেখে চিকিৎসকেরা প্রথম দিকে ধারণা করেছিলেন, এ টি এম শামসুজ্জামান করোনায় আক্রান্ত।

 

পরে পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। ফলাফলে জানা যায় করোনা নেগেটিভ। এ ছাড়া দুই দিনের চিকিৎসায় তাঁর শারীরিক সব পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ হয়েছে। অবস্থা কিছুটা ভালো হলে গতকাল শুক্রবার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় তাঁকে। কিন্তু আজ সকালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এ টি এম শামসুজ্জামান।

 

১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র আগমন হয় এটিএম শামসুজ্জামানের। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। প্রবীণ এ অভিনেতা আজও দর্শকের কাছে নন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *