নজর২৪, ঢাকা- জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিএনপির প্রতিবাদ সমাবেশে সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ৭৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
পৃথক মামলায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের আগামী ২১ মার্চ পর্যন্ত জামিন দেন। এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও কামরুল ইসলাম সজল।
পরে ব্যারিস্টার কাজল বলেন, শাহবাগ ও রমনা থানায় দুই মামলায় ৭৪ নেতা-কর্মীকে জামিন দিয়েছে আদালত। আগামী ২১ মার্চের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন নিতে হবে।
