আলজাজিরার মতো মিডিয়া থাকা উচিত নয়: পররাষ্ট্রমন্ত্রী

নজর২৪, ঢাকা- বিশ্বের অনেক দেশে আলজাজিরা নিষিদ্ধ হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আলজাজিরায় মতো একটি বড় সংস্থা এত মিথ্যা কথা বলতে পারে। এত বানোয়াট গল্প বলতে পারে? তাদের লজ্জা হওয়া উচিত।’

 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিদেশি কূটনীতিকদের করোনার ভ্যাকসিনেশন কার্যক্রমে তিনি এ কথা বলেন।

 

এ কে আবদুল মোমেন বলেন, আল-জাজিরাকে জনগণ গ্রহণ করেনি। এ ধরনের মিডিয়া থাকা উচিত নয়। তাদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। এ ধরনের মিথ্যা বলা তাদের বন্ধ করা উচিত। অনেক দেশে আল-জাজিরা নিষিদ্ধ হয়েছে।

 

তিনি আরো বলেন, আল-জাজিরার সঙ্গে আরেকটি সংস্থা হচ্ছে নেত্র, তারা বলেছিলো বাংলাদেশে করোনায় ৫০ লাখ থেকে এক কোটি লোক মারা যাবে। এখন পর্যন্ত ৮ হাজারের কিছু বেশি লোক মারা গেছে। তারা ঘরে বসে বসে চিন্তা করে। দেশ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এসব কিছুর মূল কারণ হচ্ছে বাংলাদেশকে অসুবিধায় ফেলা। এরা ষড়যন্ত্র করে সরকারের বদনাম করে।

 

করোনার ভ্যাকসিন প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি। প্রতিটা লোককে আমরা ভ্যাকসিন দিতে চাই, কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটা লোকও যদি অসুস্থ থাকেন, তাহলে এই রোগ নির্মূল হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *