ভোট ডাকাতি করে বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে: কাদের

নজর২৪, ঢাকা- ভোট ডাকাতির নির্বাচন করে বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

আজ সোমবার সকালে রাজধানীর রাসেল স্কয়ারে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন ওবায়দুল কাদের।

 

৯৬ সালের এই দিনে ভোটার বিহীন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন প্রহসন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেই প্রহসনের নির্বাচন দেশের নির্বাচনী ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।

 

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর থেকেই সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় জনগণের কাছে দেওয়া ওয়াদা ভাঙতে শুরু করে বলে জানান ওবায়দুল কাদের।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের ঐক্যে বিএনপির আস্থা নেই, তাদের আস্থা স্বেচ্ছাচারি সরকার ব্যবস্থায়। এজন্যই তারা যেকোনও মূল্যে ক্ষমতায় থাকার জন্য একদলীয় নির্বাচন করেছিল। কিন্তু যে জাতি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, তারা কোনও অন্যায় মেনে নেবে না, এটা বিএনপি ভুলে গিয়েছিল। তাই জনরোষের মুখে নির্বাচনের ১৫ দিন পরই পদত্যাগ করতে হয় তাদের।

 

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদার আসনে সামিল। প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু বিএনপি দিনের আলোতে রাতের আঁধার দেখতে পায়, তাই তারা সরকারের কোনও উন্নয়ন ও অর্জন দেখতে পায় না।

 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই জনগণের কাছে আওয়ামী লীগের অঙ্গিকার। আর সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলকে আরও ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের ঢাকা মহানগরের নেতাদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের ইঞ্জিন হচ্ছে ঢাকা মহানগর। এই ইঞ্জিনকে সচল রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের তৃণমূল থেকে থানা পর্যায়ের সব কমিটি সম্মেলনের মাধ্যমে করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ঘরে বসে কোনো কমিটি করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *