Home দেশের খবর কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ

0
137

কুড়িগ্রাম- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে পাখিউড়া সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯-এর সাব-পিলার ৪/৫-এর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নিহত ছবিল উদ্দিন (৩৬) নারায়ণপুর ইউনিয়নের আইড়মারীচর গ্রামের বাসিন্দা মুসা আলীর ছেলে।

 

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান ও স্থানীয়রা জানান, গরু পাচারকারীদের রাখাল ছবিল উদ্দিন তার সহযোগীদের সঙ্গে ভোররাতে পাখিউড়া সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যের মন্ত্রীরচর এলাকায় গরু আনতে যান। এ সময় বিএসএফ-৪১ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছবিল উদ্দিন। পরে তার সহযোগীরা সেখান থেকে দেশের অভ্যন্তরে তার বাড়িতে নিয়ে আসার পথেই মৃত্যু হয়।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, নারায়ণপুর পাখিউড়া সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে আমাদের টহলরত বিজিবি সীমান্তে কোনো লাশ পায়নি। বিএসএফের গুলিতে কেউ নিহত হয়েছে কি না তা নিশ্চিত করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here