কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রতিবারের মতো এবারও ক্যাম্পাস যুগলবন্দীদের জন্য ভালোবাসা দিবস ছিল একটি বিশেষ দিন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা সত্বেও যুগলবন্দীদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাস।
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সাদরে গ্রহন করতেই যেন পড়ন্ত বিকেলে বাসন্তী শাড়ি ও খোঁপায় বাহারি ফুল দিয়ে ক্যাম্পাসে পদচারন হয় যুগলবন্দীদের। সেই সাথে কুবি ডিবেটিং সোসাইটির কতৃক আয়োজিত রম্য বিতর্ক প্রতিযোগিতা যেন ভালোবাসা দিবসকে আরও পূর্ণতা দিয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারী) ডিবেটিং সোসাইটির ফেসবুক পেজে রাত ৭.৩০ টায় শুরু হয় এই রম্য বিতর্ক। বিতর্কের বিষয় ছিলো “ এ সংসদ, প্রেমকে চিরঞ্জীবী করার স্বার্থে বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেবে”।
প্রস্তাবে সরকারি দল, এর হয়ে বিতর্কে অংশ নেয় ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন দীপা, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা মীম।
বিরোধী দল এর হয়ে অংশগ্রহণ করেন ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ফিনান্স বিভাগের শিক্ষার্থী শারমিন আফসান।
ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক জুবায়ের হোসাইন বলেন, “প্রতি বছরের ১৪ ই ফেব্রুয়ারি আমরা বিতর্কের এরকম একটি ভিন্ন আয়োজন করে থাকি। বিতর্কের মাধ্যমেও চিত্তবিনোদনের উন্মেষ ঘটানো যায়, সেই ধারণাটিকে সামনে রেখেই ভালোবাসা দিবসে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এই রম্য বিতর্ক আয়োজন করে।”
অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি অর্ক গোস্বামী। ডিবেটিং সোসাইটির এই বিতর্কে, দর্শক কমেন্ট সেকশনে তাদের অনুভূতি জানিনোর মাধ্যমে একটি সফল রম্য বিতর্ক সম্পন্ন করেন।
