নজর২৪, ঢাকা- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার (১৭ ফেব্রুয়ারি) সারা দেশে মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশের এই কর্মসূচি পালিত হবে।
তবে এ কর্মসূচির বাইরে রাখা হয়েছে বরিশাল বিভাগকে। পরদিন ১৮ ফেব্রুয়ারি বিএনপির ছয় মেয়র প্রার্থীর ঘোষিত সমাবেশ থাকার কারণে বিএনপির এ কর্মসূচির বাইরে রাখা হয়েছে বরিশাল বিভাগকে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ড. মোশাররফ।
ড. মোশাররফ বলেন, শনিবার স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চ্যুয়াল সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছরের প্রথমেই দেশ, দেশের সরকার প্রধান এবং দেশের গৌরব ও মর্যাদার প্রতীক এক স্পর্শকাতর প্রতিষ্ঠান সম্পর্কে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো বিশ্বাসযোগ্য ও যুক্তিগ্রাহ্য জবাব না দিয়ে বিষয়টিকে রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক বলে এড়িয়ে যাওয়ায় সরকারের নিন্দা জানানো হয়।
ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ধাপে ধাপে কর্মসূচি দেওয়া হবে- উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকার পতনের আন্দোলন আমাদের চলমান আছে। বিভাগীয় সমাবেশ শুরু করতে যাচ্ছি। বৃহস্পতিবার বরিশালে আমাদের যে সমাবেশ এটাও তো গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে অনুষ্ঠিত হবে। এভাবে আন্দোলনকে আমরা আমাদের লক্ষ্যে নিয়ে যেতে চাই।’
