নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি ও সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ্জাক দুলালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট দেবীগঞ্জ শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার দেবীগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার বেলা ১২টায় সোনাহার বাজারে হেমায়েতুল ইসলাম তপু নামে এক ব্যক্তি পূর্বের ঘটনার জেরে আব্দুর রাজ্জাক দুলালকে চড় মারেন। ওইদিনই তপুকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন রাজ্জাক দুলাল।
মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট দেবীগঞ্জ শাখার আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অতিসত্বর রাজ্জাক দুলালের উপর আক্রমণকারীদের শাস্তি নিশ্চিত করুন।
সেই সাথে আর কোন বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, শিল্পীর উপর যেন হামলা না হয় সেই গ্যারান্টি দেবীগঞ্জ প্রশাসনকে দিতে হবে। বিচার নিশ্চিতে সম্মিলিত আন্দোলন আমাদের লক্ষ্য না, বিচার প্রাপ্তি আমাদের লক্ষ্য।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, দেবীগঞ্জ সাহিত্য পরিষদ সহ সভাপতি নুরুজ্জামান হালিম, সোনাহার বিতর্ক পরিষদের সভাপতি সানোয়ার সাদি, সাহিত্য পরিষদের সহ সভাপতি রাহিদুল ইসলাম মিন্টু প্রমুখ, কবি শাহেদ সাফায়েত প্রমুখ।
মানববন্ধনে নয়টি সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের নিকট স্মারকলিপি প্রদান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা।





