ভালোবাসা দিবসে প্রেমবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

নজর২৪, রাবি- আজ ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উৎসবে যখন মেতেছে সারাদেশ। প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশে যখন ব্যস্ত সারাবিশ্ব। ঠিক তখনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ-সমাবেশ করেছে ‘প্রেম বঞ্চিত সংঘ’।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন চত্বরের আমতলা থেকে একদল তরুণ বিক্ষোভ মিছিল শুরু করে। পরে সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

 

সবার কণ্ঠে স্লোগান, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না, প্রেমের নামে প্রহসন বন্ধ কর, তুমি কে, আমি কে, বঞ্চিত বঞ্চিত, যোগ্য মানুষ হারালে, কাঁদতে হবে আড়ালে’।

 

সমাবেশে প্রেমবঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমেদ জনি বলেন, কিছু তরুণ-তরুণী ও যুবক-যুবতী একসঙ্গে তিন-চারটি প্রেম করছেন। প্রেমের ফাঁদে ফেলে একে-অপরকে ধোঁকা দিচ্ছেন। কিন্তু সত্যিকার প্রেমিক হিসেবে আমরা পছন্দের মেয়েদের প্রেমের প্রস্তাব নিয়ে গেলে তারা কিছু না ভেবে প্রত্যাখ্যান করে দিচ্ছে। তারা পুঁজিবাদী ভালোবাসার পেছনে ছুটছে।

 

তিনি বলেন, প্রেম একটি পবিত্র সম্পর্ক। আর এ পবিত্র ভাবনা থেকে তরুণ-তরুণীরা দিন দিন বিচ্যুত হচ্ছে। আমরা এই অপবিত্র প্রেমের বিরুদ্ধে।

 

সমাবেশ শেষে সংগঠনের সদস্যরা গণস্বাক্ষর কর্মসূচি ও দুপুরে ক্যাম্পাসের আশেপাশের অসহায় ও দরিদ্রদের আহারের আয়োজন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *