রিজভী-টুকুসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নজর২৪, ঢাকা- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুণ রায়, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির ২৯ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

 

এছাড়া বিএনপির অজ্ঞাত আরও ১০০/১২০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় এসআই মো. গোলাপ উদ্দিন মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

মামলায় আসামিদের মধ্যে আরও রয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী শপু, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের ঢাবি শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশারসহ অনেকে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ।

 

গত মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাতে বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ ফার্স হোটেলের সামনে থেকে একটি বিক্ষোভ ও মশাল মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।

 

দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি বিজয়নগরের দিকে অগ্রসর হলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশ মিছিল থেকে যুবদল নেতা শরীফসহ কয়েক জনকে গ্রেফতার করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *