মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- গেল রোববার (০৭ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি এলাকায় জমির বিরোধ সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় বাংলা ট্রিবিউন’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের ওপর অতর্কিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা, মির্জাপুর।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার সামনের অংশে এ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি হয়।
এতে জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুরের সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক ও দৈনিক মানজমিনের প্রতিনিধি মো. জোবায়ের হোসেন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মোহনা টিভির মীর আনোয়ার হোসেন টুটুল, এশিয়ান টিভি প্রতিনিধি নাজমুল ইসলাম, বিজয় টিভির প্রতিনিধি মোজাম্মেল হক, আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মো. সানোয়ার হোসেন, মির্জাপুর উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজিব, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি শাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক রেমন মিয়াসহ মির্জাপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ মানববন্ধনে যোগ দেয়।
অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা সাংবাদিক বিজয়ের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
প্রসঙ্গত, এ ঘটনায় সাংবাদিক বিজয় নিজেই বাদী হয়ে ঘটনার পরদিন বাসাইল থানায় ১২ জনের নামে মামলা দায়ের করেন। ঘটনার ৩ দিন অতিবাহিত হওয়ার পর মোখলেছুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশিদ নিশ্চিত করেছেন।
