বিএনপির আন্দোলনের সক্ষমতা কতটুকু, জনগণ বুঝে গেছে: কাদের

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কর্মসূচি ঘোষণা দিয়ে বিএনপির নেতারা এখন বলছেন, সংগঠনকে গুছিয়ে তারপর আন্দোলনে নামবেন। জনগণ এখন বুঝে গেছে বিএনপির আন্দোলনের সক্ষমতা কতটুকু। তাদের এমন অজুহাতেই একযুগ পেরোলো। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেই তারা সীমাবদ্ধ।’

 

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কে তিনটি সেতু (আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে) নির্মাণ প্রকল্পের আওতায় সালেহপুরে দুই লেন বিশিষ্ট দ্বিতীয় সেতুর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

 

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণও এখন মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করতেই ১২ বছর চলে গেল। কিন্তু আন্দোলন হবে কোন বছর?’

 

তিনি বলেন, ‘বেগম জিয়ার মুক্তির চেয়ে সরকারের অন্ধ সমালোচনা এবং সরকার পতনকেই নিজেদের কৌশল হিসেবে নিয়েছে বিএনপি। জনগণও এখন তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। দলীয় নেত্রীর মুক্তির জন্য তাদের আগ্রহ যতটা না বেশি, তারচেয়ে বেশি আগ্রহ সরকারের বিরোধিতায়।’

 

ওসেতুমন্ত্রী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘অপরাজনীতি এবং ষড়যন্ত্র ও অপপ্রচার না করে জনঘনিষ্ঠ ইস্যুতে মানুষের পাশে দাঁড়ান। বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

 

পরিবহণে শৃঙ্খলা প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পরিবহণে যতদিন শৃঙ্খলা ফিরে আসবে না, ততদিন যতই উন্নয়ন কাজ হোক না কেন, তাতে কোনো লাভ হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *