বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেন সেলিম খান

নজর২৪, চাঁদপুর- চাঁদপুর সদর উপজেলায় ইউপি চেয়ারম্যান সেলিম খানসহ ১৩ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা যায়, গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ওই ইউপির বর্তমান চেয়ারম্যান লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম খান এবং ৯টি ওয়ার্ডে সংরক্ষিত পদে তিনজন নারী ও সাধারণ সদস্য পদে ৯ জন। এদিন অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

 

পরদিন বৃহস্পতিবার তাঁদের মনোনয়নপত্র যাচাই-বাছাই নিশ্চিত হলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে ঘোষণা দেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

 

সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে দুলাল মিয়া, ২ নম্বর ওয়ার্ডে মনির শেখ, ৩ নম্বর ওয়ার্ডে সফিক রাঢ়ী, ৪ নম্বর ওয়ার্ডে হারেজ মজুমদার, ৫ নম্বর ওয়ার্ডে হারুনুর রশিদ, ৬ নম্বর ওয়ার্ডে শাহ আলম মাঝি, ৭ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডে ফারুক মাঝি ও ৯ নম্বর ওয়ার্ডে জহির হাওলাদার নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে যথাক্রমে হোসনেয়ারা বিউটি, সংরক্ষিত ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে হাসিনা বেগম এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সিমা আক্তার নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচন কার্যালয় জানায়, ২৮ ফেব্রুয়ারি এই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে ২০১১ সালে এই ইউনিয়নে মো. সেলিম খান চেয়ারম্যান নির্বাচিত হন।

 

পরে ২০১৬ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতা মামলার কারণে দীর্ঘদিন নির্বাচন স্থগিত থাকে। গত ৩০ জানুয়ারি মো. সেলিম খানকে তৃণমূলের সমর্থনে কেন্দ্র থেকে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *