Home জাতীয় গণফোরাম থেকে পদত্যাগ করলেন ড. রেজা কিবরিয়া

গণফোরাম থেকে পদত্যাগ করলেন ড. রেজা কিবরিয়া

0
58

নজর২৪, ঢাকা- গণফোরাম থেকে পদত্যাগ করেছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি নিজেই এ তথ্য জানান।

 

লিখিত বক্তব্যে রেজা কিবরিয়া বলেন, আপনাদের মাধ্যমে দেশবাসীর সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি গণফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি এবং আমার পদত্যাগপত্র দলের সভাপতি ড. কামাল হোসেনের কাছে ইতোমধ্যেই জমা দিয়েছি। এছাড়া আমি গণফোরামের দলীয় সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছি।

 

তিনি বলেন, আমাকে দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য আমি ড. কামাল হোসেন ও গণফোরামের নেতাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। গত ১৮ মাস ড. কামাল হোসেনের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।

 

বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশে যাঁরা গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন, তিনি তাঁদের সঙ্গে কাজ করে যাবেন।

 

আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামে যোগ দেন। হবিগঞ্জ-১ আসন থেকে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনও করেন।

 

২০১৯ সালে গণফোরামের কাউন্সিলের পর ৫ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সভাপতি ড. কামাল রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদকের পদে বসান। এরপর থেকে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুসহ দলের কিছু জ্যেষ্ঠ নেতার সঙ্গে রেজা কিবরিয়ার দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে দলে দুটি ভাগ হয়ে পাল্টাপাল্টি বহিষ্কার চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here