রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: পাবনার বেড়ায় সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশেই বসবাসরাত একটি ঘরের উপর ছিটকে পড়ে যায়। সিমেন্টবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শাহা বাবু (৩৮) ও তার শিশু কন্যা বৃষ্টি খাতুন (১১) নামের দুইজন নিহত হয়।
এলাকাবাসী জানায়, শুক্রবার (৫ ফেব্রুয়ারী) রাত ৯টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বেড়া থানার সরিষা ভিটাপাড়া নামক স্থানে সিমেন্টবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪৫৩২) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বসবাসরত দিনমজুর শাহা বাবুর ঘরের উপর ছিটকে পরে।
তখণ ঘরের ভেতরে শাহা বাবু খাবার খাচ্ছিলো এবং তার তিন সন্তান বিছানায় শুয়ে ছিল। শাহা বাবুর স্ত্রীর আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে শাহা বাবুর ২ সন্তানকে ট্রাকে চাপা পড়া বিদ্ধস্ত ঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করে। তবে শাহা বাবু ও তার মেয়ে বৃষ্টির হদিস পাওয়া যায়না।
পরে বেড়া ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ট্রাকের নিচ থেকে শাহা বাবু ও তার মেয়ে বৃষ্টির লাশ উদ্ধার করে।
নিহত শাহা বাবুর চাচাতো ভাই মো: উজ্জল হোসেন জানান, মহাসড়ক মেরামতের জন্য বাড়ির পাশের সড়কটি সওজ কর্তৃপক্ষ বন্ধ করে দিলেও ফাকা সড়কেই ট্রাক নিয়ন্ত্রণ হারায় চালক। তিনি আরো জানান, ট্রাকের চালক ও হেলপার মদ্যপ অবস্থায় ট্রাক চালাচ্ছিল বিধায় এতো বড় দুর্ঘটনা ঘটেছে।
বেড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সিমেন্টবাহী ঘাতক ট্রাকটি নগরবাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলো। ট্রাকের চালক ও হেলপার দুর্ঘটনার পরই পালিয়েছে। ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হবে। এই বিষয়ে বেড়া থানায় একটি মামলা হয়েছে।
