শাহজাদপুরে অভাবের তাড়নায় কৃষকের আত্মহত্যা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে সাইফুল ইসলাম (২৮) নামের এক কৃষক গলায় ফাঁস নিয়ে আত্মহ্ত্যা করেছেন। সাইফুল ইসলাম জিগারবাড়িয়া গ্রামের মো: শাহজাহান প্রামাণিকের ছেলে।

 

জানা যায়, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জিগারবাড়িয়া গ্রামের মো: শাহজাহান প্রামাণিকের ছেলে সাইফুল ইসলামের স্ত্রী শিখা পারভীন (২২) শুক্রবার (৫ ফেব্রুয়ারী) সকালে ঘুম থেকে উঠে ডাফের সাথে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

 

তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এসে সাইফুল ইসলামের ঝুলন্ত মরদেহ নামায়। খরব পেয়ে শুক্রবার বিকেলে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক শাহিন মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।

 

পরে সুরতহাল ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ শেষে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়। সাইফুল ইসলামের ৮ বছর বয়সী এক ছেলে ও ২ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

 

থানার উপ-পরিদর্শক শাহিন মাহমুদ জানান, পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি পেশায় কৃষক সাইফুল ইসলাম অতি দারিদ্রতার সম্মুখীন ছিলেন।

 

অভাবের কারণে মাঝে মধ্যেই দাম্পত্য কলহ লেগেই থাকতো। বৃহস্পতিবার রাত ১১ থেকে সকালের কোন এক সময় ঘরের ধর্নার (ডাফ) সাথে স্ত্রী শিখা পারভীনের ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়েছে।

 

শনিবার সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *