বগুড়ার ১২ উপজেলায় করোনার টিকার বরাদ্দ তালিকা প্রকাশ

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার ১২টি উপজেলায় করোনার টিকা বরাদ্দ তালিকা প্রকাশ করা হয়েছে। জেলায় সবেচেয়ে বেশি টিকা পাবে সদর উপজেলার বাসিন্দারা। এছাড়া দুপচাঁচিয়ায় সবচেয়ে কম টিকার বরাদ্দ দেয়া হয়েছে।

 

৫ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

 

জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, বগুড়া জেলায় মোট ১০ হাজার ৮০০টি ভায়াল পৌছেছে। যা দিয়ে ১ লাখ ৮ হাজার ডোজ টিকা প্রদান করা হবে। এর মধ্যে সদর উপজেলায় দেয়া হবে ১৭ হাজার ৬২৫টি ডোজ টিকা।

 

অন্যান্য উপজেলাগুলোর মধ্যে- আদমদীঘিতে ৬ হাজার ১৯৮টি, ধুনটে ৯ হাজার ২৮৬টি, গাবতলীতে ১০ হাজার ১৪৯টি, কাহালুতে ৭ হাজার ৬২টি, নন্দীগ্রামে ৫ হাজার ৭৪২টি, সারিয়াকান্দিতে ৮ হাজার ৫৯৭টি, শাজাহানপুরে ৯ হাজার ২০৩টি, শেরপুরে ১০ হাজার ৫৬৯, শিবগঞ্জে ১২ হাজার ২৬টি, সোনাতলায় ৫ হাজার ৯৩১টি এবং সবচেয়ে কম দুপচাঁচিয়া উপজেলায় ৫ হাজার ৬১১টি ডোজ বরাদ্দ দেয়া হয়েছে।

 

এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৯ জানুয়ারি জেলায় করোনার ১০ হাজার ৮০০টি ভায়াল এসে পৌঁছেছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জেলার সকল উপজেলায় করোনার টিকাদান কর্মসূচী শুরু হবে।

 

এতে উদ্দিষ্ট জনগোষ্ঠী এই টিকাদানের আওতায় থাকবে। বগুড়া জেলায় গত বছরের ১ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৮৯৬জন আক্রান্ত এবং এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৫৮৬জন। এছাড়া করোনায় এখন পর্যন্ত ২৪৭জনের মৃত্যু ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *