নজর২৪, মাদারীপুর- প্রাইভেট কারে করে ছাগল চুরির সময় মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জিকে ( ৩০ ) আটক করেছে জেলা সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে একটি প্রাইভেটকার ও চুরির ছাগলসহ সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তুহিন দর্জি জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে ও জেলা ছাত্রলীগের সহসভাপতি।
পুলিশ জানায়, তুহিন পুরাতন ফেরিঘাট এলাকায় রাস্তার পাশ থেকে লোকমান মালত নামে এক ব্যক্তির একটি ছাগল প্রাইভেট কারে করে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা চোর চোর বলে চিৎকার করে। এ সময় পুলিশের একটি গাড়ি সামনে থেকে এসে প্রাইভেটকারটির গতিরোধ করে। ওই প্রাইভেট কারে একটি ছাগলসহ তুহিন ছিলেন। ছাগল উদ্ধারের পাশাপাশি সাদা প্রাইভেট কারসহ তুহিনকে আটক করে পুলিশ।
ছাগলের মালিক লোকমান মালত বলেন, “ঘাস খাওয়ার জন্য বাড়ির কাছে রাস্তার পাশে আমি ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ একটি সাদা প্রাইভেট কার থেকে এক লোক নেমে ছাগলটি গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। আমরা ধাওয়া করি। এরই মধ্যে পুলিশ এসে প্রাইভেট কারসহ তুহিনকে ধরে ফেলে। আমি এর বিচার চাই।”
জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক বলেন, “আমি ছাগল চুরির ঘটনা শুনেছি। যদি এ ঘটনা সত্য হয় তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।”
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
