নজর২৪ ডেস্ক- বিএনপি থেকে মনোনীত ছয় সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের সঙ্গে স্কাইপের মাধ্যমে বৈঠক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ছয় সিটির মেয়র প্রার্থীরা। তাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠক করেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, দক্ষিণের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন, খুলনা সিটির প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মনজু, বরিশাল সিটির প্রার্থী ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার ও রাজশাহী সিটির প্রার্থী সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
বৈঠক সূত্রে জানা গেছে, টানা দুই ঘণ্টার এই বৈঠকে মেয়র প্রার্থীদের অভিজ্ঞতার কথা শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ‘ব্যাপক অনিয়ম ও কারচুপির’ অভিযোগ এনে আগামী কয়েক দিনের মধ্যে সেখানে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক মেয়র প্রার্থী বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অভিজ্ঞতা জানতে চেয়েছেন। আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি। আপাতত সিদ্ধান্ত হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় কর্মসূচি দেওয়ার। পরে পর্যায়ক্রমে অন্য সিটিতেও কর্মসূচি দেওয়া হবে।’
