প্রধানমন্ত্রীর বক্তব্যে হাসি লাগে, জনগণ লজ্জা পায়: রিজভী

নজর২৪, ঢাকা- ‘গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল খুবই দরকার’— প্রধানমন্ত্রীর এ বক্ত্যের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তার বক্তব্যে হাসি লাগে। জনগণ লজ্জা পায়। যে ব্যক্তি গণতন্ত্র ধ্বংস করেছেন, জনগণের ভোট কেড়ে নিয়েছেন, তার মুখে এ কথা মানায় না।’

 

বুধবার (৩ ফেব্রুয়ারি) নবাবগঞ্জের দোহারের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, ‘আমাদের ভোট সরকারের স-ন্ত্রা-সীরা কেড়ে নিয়েছে। ভোট দেয়া যায় না। ভোট দেয়ার আগে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট দিয়ে দেয়। এটাই হলো শেখ হাসিনার উপহার।’

 

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার বিরুদ্ধে দেশে-বিদেশে অপপ্রচার চলছে।’ তার এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘আপনার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে না। আপনার সরকারের অপকর্মের ও অপশাসনের সমালোচনা করছে জনগণ। সেটা এখন দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে।’

 

প্রধানমন্ত্রী বলেছেন, ‘অনেক কাজ করছেন তাতে তৃপ্তি পাচ্ছেন।’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনি কী কাজ করছেন। আপনার কাজ জনগণের দোঁরগোড়ায় এসে পৌঁছায়নি। আপনি কাজ করেছেন আপনার দলের এমপি-মন্ত্রী-নেতাকর্মীরা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ মালয়েশিয়ায় বাড়ি কিনেছেন এটাই আপনার তৃপ্তি। জনগণের কিছু হয়নি।’

 

তিনি বলেন, ‘এই দোহার-নবাবগঞ্জে যতটুকু উন্নয়ন হয়েছে, বিএনপি করেছে। আওয়ামী লীগ কিছুই করেনি শুধু লুটপাট করেছে। আওয়ামী লীগের উন্নয়ন বলতে ফ্লাইওভার। এসব করে আওয়ামী লীগের নেতাকর্মীরা শত শত কোটি টাকা লুটপাট করেছে। কোটি কোটি টাকা পাচার করছে। আওয়ামী লীগের এমপি পাপুল কুয়েতে টাকা পাচার করতে গিয়ে আটক হয়েছেন এবং তার সাজা হয়েছে।’

 

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক-এর উদ্যোগে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুর ইসলাম হাই, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজসহ স্থানীয় বিএনপির কয়েক শ নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *