Home আলোচিত মামুনুল হককে আসতে ‘বাধা দেওয়ার’ খবরে সড়ক অবরোধ, বিক্ষোভ

মামুনুল হককে আসতে ‘বাধা দেওয়ার’ খবরে সড়ক অবরোধ, বিক্ষোভ

0
85

নজর২৪ ডেস্ক- বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও প্রয়াত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে মাওলানা মামুনুল হককে ব্রাহ্মণবাড়িয়ায় আসতে ‘বাধা দেওয়ার’ খবরে সড়ক অবরোধ বিক্ষোভ করেছে মাদ্রাসা ছাত্ররা।

 

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতুলী মোড়ে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচলে বিঘ্ন হয়। পরে সদর মডেল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল ছিল। এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরীসহ বিভিন্ন উলামায়ে কেরাম বক্তব্য রাখার কথা ছিল।

 

হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা মামুনুল হক ভৈরবে একটি ওয়াজ মাহফিল শেষে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের সেই মাহফিলে উপস্থিত হতে রওনা দেন।

 

রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার ছাত্রদের কাছে তথ্য আসে, আল্লামা মামুনুল হককে আসতে সড়কে বাধা দেওয়া হচ্ছে। এই খবরে তারা বিক্ষুব্ধ হয়ে পড়ে। ভাদুঘর থেকে মাদ্রাসার ছাত্ররা মিছিল করে এসে কাউতুলী মোড়ে মহাসড়কে বিক্ষোভ করেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান বলেন, আল্লামা মামুনুল হককে আসতে বাধা দেওয়া হয়েছে, এমন খবর পেয়ে ছাত্ররা বিক্ষোভ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। মামুনুল হক সাহেব ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন বলে খবর পেয়েছি।

 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, আল্লামা মামুনুল হককে আসতে বাধা দেওয়া হয়েছে, এমন গুজব ছড়ানো হয়েছিল। এতে মাদ্রাসাছাত্ররা বিক্ষোভ করে। মামুনুল হককে কোনো প্রকার বাধা প্রদান করা হয়নি। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসতে রওনা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here