সুষ্ঠু ভোট হয়- এ কথা আ.লীগ ছাড়া কেউ বিশ্বাস করে না: রিজভী

নজর২৪, ঢাকা- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ও তাদের গৃহপালিত দল ছাড়া এদেশে বর্তমানে সুষ্ঠু ভোট হয়- এ কথাটি কেউ বিশ্বাস করে না। দেশের বৃহত্তম দল বিএনপিসহ অন্যান্য সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজ গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার যে আন্দোলন করেছে তার বিজয় সুনিশ্চিত।

 

সোমবার (০১ ফেব্রুয়ারি) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার বিরোধী দলের নেতৃত্বকে মাস্টারপ্ল্যানের মাধ্যমে হত্যা চেষ্টা অব্যাহত রেখেছে। যারা প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতিতে ডুবে থাকে, তারা কী করে শক্তিশালী বিরোধী দলের কথা বলে? এ যেন ভুতের মুখে রামনাম।

 

তিনি বলেন, সম্পূর্ণ প্রতিহিংসার বশবর্তী হয়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে বিনা চিকিৎসায় হত্যা করার জন্য গৃহবন্দী রাখা হয়েছে, তা দেশবাসী দেখতে পাচ্ছে। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে, ফরমায়েশী রায় দিয়ে দেশে ফিরতে দেয়া হচ্ছে না। আমাদের প্রায় ৩৫ লাখ নেতাকর্মীর নামে এক লাখেরও বেশি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পাঁচ শ’র বেশি গুমসহ হাজারো নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের দলের সব সিনিয়র নেতার নামে অসংখ্য মামলা। আদালতের বারান্দায় বিএনপি নেতাদের দিন কাটে।

 

বিএনপির মতো বিশ্বে খুব কমই রাজনৈতিক দল আছে যারা গণতন্ত্র প্রতিষ্ঠায় এতো নির্যাতন সহ্য করেছে উল্লেখ করে রিজভী বলেন, দেশে নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে অবৈধভাবে সরকার গঠন করে বড় বড় কথা বললেও গণতন্ত্র পুণরুদ্ধারের লড়াইয় তারা পরাজিত হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *