মমতা ‘বৃহত্তর বাংলাদেশ’ গড়তে চায়: বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগানকে কটাক্ষ করেছে বিজেপি নেতারা। ভারতের বিধান সভায় মমতার মুখে জয় বাংলা স্লোগান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।

 

বিজেপি নেতাদের দাবি, পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার (বৃহত্তর) বাংলাদেশ’ বানাতে চাইছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল!

 

বৃহস্পতিবার সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে এমনই অভিযোগ তুলেছেন বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি, তৃণমূল যে ‘জয় বাংলা’ ধ্বনি দেয়, তা ‘ইসলামিক বাংলাদেশের’ জাতীয় স্লোগান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম না লিখলেও দিলীপ তার পোস্টে অভিযোগ করেছেন, ‘মাননীয়া লড়ছেন গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে’।

 

ওই একই পোস্টে দিলিপ ঘোষ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তৃণমুলের প্রচারে অংশ নেওয়া বাংলাদেশি অভিনেতা ফেরদৌসের একটি ছবি এবং তৃণমূলের এক এমএলএ’র আয়োজনে একটি দুর্গাপূজার অনুষ্ঠানে বাংলাদেশি এক ক্রিকেটারের ছবি যুক্ত করা হয়।

 

দিলিপ ঘোষের ফেসবুক পোস্টের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমুল কংগ্রেসের এমপি সৌগত রায় বলেছেন, ‘এটা এতটাই হালকা যে এর প্রতিক্রিয়া জানানোর যোগ্য নয়।’ তিনি বলেন, ‘বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি প্রচলনের যে চেষ্টা চালাচ্ছে তা নিন্দনীয়।’

 

উল্লেখ্য, চলতি সপ্তাহে ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বক্তৃতাই করেননি। তবে সেদিন প্রতিবাদ জানিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মঞ্চ ছেড়েছিলেন তিনি।

 

নেতাজি জয়ন্তীর ওই অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠা নিয়ে অস্বস্তিতে থাকা বিজেপি এখন পাল্টা জবাব হিসেবে ‘জয় বাংলা’ বিতর্ক শুরু করেছে কি না, দিলীপ ঘোষের স্ট্যাটাস ঘিরে সেই জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *