চট্রগ্রামে নির্বাচনের নামে চূড়ান্ত তামাশা হচ্ছে: ইসিতে বিএনপির অভিযোগ

নজর২৪, ঢাকা- আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় চট্টগ্রামে আরেকটি প্রহসনের নির্বাচন হচ্ছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, নজিরবিহীন নির্বাচন হচ্ছে। দিনের ভোট চট্টগ্রামে রাতে হয়।

 

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি, অনিয়ম ও সহিংসার বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিত অভিযোগ শেষে সাংবাদিকদের রিজভী এসব কথা বলেন।

 

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের নেতা মীর শরাফত আলী শফু উপস্থিত ছিলেন।

 

রিজভী আরও বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে বসতে পারছেন না। আবার কেউ কেউ কেন্দ্রে ঢুকতে পারলেও সেখান থেকে তাদের বের করে দেওয়া হচ্ছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেন না। ফলে বর্তমানে চট্রগ্রামে নির্বাচনের নামে চূড়ান্ত পর্যায়ে তামাশা হচ্ছে।

 

রহুল কবীর রিজভী বলেন, চসিক নির্বাচনে সকাল থেকেই সহিৎসতা শুরু হয়ে গেছে। ইতোমধ্যে দুজন মারা গেছেন এবং অর্ধশতাধিক নেকাকর্মী আহত হয়েছেন। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারেন সেজন্য তাদের বাধা দেওয়া হচ্ছে। বিএনপির প্রার্থীরা পুলিশের কাছে অভিযোগ দেওয়া হলেও তা আমলে নেওয়া হচ্ছে না। বরং পুলিশ বলছে আমরা কিছু করার নেই। পুলিশ নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছেন।

 

তিনি বলেন, আসলে এই নির্বাচন চূড়ান্ত তামাশা ও প্রহসনের নির্বাচন ছাড়া কিছুই নেই। বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সুষ্ঠু নির্বাচন নামক শব্দটি মানুষের কাছে অচেনা হয়ে যাবে। এরা ভোটারদের ভোটাধিকার মনে প্রাণে ঘৃণা করে। এরা বিরোধীদল ভিন্নমত, সমালোচনা ও গণতন্ত্রের ঘোরতর শত্রু।

 

অভিযোগ করে রিজভী আরও বলেন, ‘চট্টগ্রাম সিটির নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সেই ট্রেডিশন সমানে চলছে। আওয়ামী সরকারের যে বৈশিষ্ট্য নির্বাচনকে ঘিরে, সেই নির্বাচন হবে কেড়ে নেওয়ার নির্বাচন। ভোটারদেরকে ভোট কেন্দ্রে না আসতে দেওয়ার নির্বাচন, বিএনপি প্রার্থী ও তাদের এজেন্টদেরকে বের করে দেওয়া বা গ্রেফতার করা— ঠিকই একইভাবে এখনও চলছে। আজ সকাল ৮টায় যে নির্বাচন শুরু হয়েছে, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ধানের শীষের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে।’

 

চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনি কার্যালয়ের যৌথ প্রযোজনায় আরেকটি জালিয়াতির নির্বাচন চলছে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *